নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উগান্ডার জাতীয় দলের ফুটবলার ও রেকর্ড ১৭ বারের লিগ চ্যাম্পিয়ন এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি ছিনতাইকারীদের হামলায় নিহত হয়েছেন। ২৭ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানী কাম্পালার মাকিনদিয়ে এলাকায় নিজ বাড়ির কাছে একদল দুর্বৃত্ত তার মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে হামলাকারীরা তাকে পেভিং ব্লক দিয়ে আঘাত করে অচেতন অবস্থায় ফেলে রেখে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তবে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেভিড ওওরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি তাকে একজন নেতা এবং একটি প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে জানায়, এসসি ভিলা ও জাতীয় দলের হয়ে তিনি সাহস, বিনয় ও আবেগ নিয়ে নেতৃত্ব দিয়েছেন।
এসসি ভিলাও পৃথক বিবৃতিতে জানায়, তারা শুধু একজন খেলোয়াড়কেই নয়, একজন নেতা, ভাই ও বন্ধুকেও হারিয়েছে।
ওওরির স্মরণে বুধবার উগান্ডার পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ঘটনায় রাজধানী কাম্পালায় ক্রমবর্ধমান সহিংস অপরাধ নিয়ে নতুন করে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।