নিজস্ব প্রতিনিধি
শুক্রবার (২১ আগস্ট) ২০২৬, বিকেল ৪টা ১৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের পাইটকেলবাড়ী গ্রামে নবগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠেছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১০টি চুল্লি। স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির ছত্রছায়ায় এসব চুল্লিতে প্রতিনিয়ত গাছ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বেলায়েত মেম্বারের মালিকানায় পরিচালিত এসব চুল্লিতে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ পোড়ানো হচ্ছে। চুল্লি থেকে নির্গত ঘন কালো ধোঁয়ায় আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও নদীর পরিবেশ দূষিত হচ্ছে। ধোঁয়ার কারণে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই এসব চুল্লি চালানো হচ্ছে। মূল্যবান গাছ কেটে কয়লা উৎপাদনের ফলে এলাকার পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। দ্রুত এসব অবৈধ চুল্লির বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।
চুল্লির পরিচালক বেলায়েত মেম্বার জানান, উপজেলা বা জেলা প্রশাসনের কোনো অনুমতি তিনি নেননি। তবে স্থানীয় প্রভাবশালী কয়েকজনের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন তিনি।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতিম বিশ্বাস বলেন, “লোকালয়ে এসব চুল্লির কালো ধোঁয়ার ফলে সুস্থ শিশুদেরও একসময় ফুসফুসের সমস্যা ও অ্যালার্জিসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া যারা শ্বাসকষ্টে ভুগছেন এবং বয়স্ক মানুষ, তাদের জন্য এ ধোঁয়া মারাত্মক ক্ষতিকর।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।