নিউজ ডেস্ক
মঙ্গলবার (২৫ আগস্ট), ২০২৬ | রাত ৮:১২
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চিত্রনায়ক সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত।
রাজধানীর রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম জানান, রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মজিবুর রহমান এই আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
ডনকে রিমান্ডে নেওয়ার আবেদনে তদন্তকারী কর্মকর্তা তিনটি কারণ উল্লেখ করেন। তিনি জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মামলার প্রকৃত রহস্য উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া ডন সুচতুর প্রকৃতির হওয়ায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মামলার ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের অবস্থান নির্ণয় করা সম্ভব হবে।
তদন্তকারী কর্মকর্তা আরও জানান, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কী কৌশলে এবং কার ইন্ধনে বিদেশে পলায়ন করছিলেন, তা উদঘাটন করা জরুরি।
গত ৯ আগস্ট ভোরে বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। একই দিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে গত বছর এটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়।