জেলা প্রতিনিধি
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টা ২৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং তিন বাহিনীর মহাপরিচালক। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তারা গোপালগঞ্জে পৌঁছান এবং সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা ও থানা পরিদর্শন শুরু করেন।
আইজিপির সঙ্গে পরিদর্শনে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তারা জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ সভায় অংশ নেবেন বলে জানা গেছে।
এদিকে গত কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। রাত থেকে কোথাও নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
পরিবহন কাউন্টার সূত্রে জানা যায়, সকাল থেকেই ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহনের বাস ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে পরিষ্কার করা হয়। এরপর থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়।