জেলা প্রতিনিধি
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৪১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের দেশে প্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় ও ফোন নম্বর গোপন রাখার নিশ্চয়তা দিয়েছে বাহিনীটি। রোববার (১৫ নভেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় ৪৯ বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
মতবিনিময়কালে বিজিবি অধিনায়ক বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের আগমনের কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেব।
এ ধরনের ফেরারি আসামিদের তথ্য দিয়ে কেউ সহায়তা করলে আমরা তাঁর ব্যক্তিগত তথ্য ও ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখব। সেই সঙ্গে বিজিবি সদর, সেক্টর সদর এবং ব্যাটালিয়ন পর্যায়ে আমরা ওই তথ্যদাতাকে ভালো সম্মানী বা পুরস্কারের ব্যবস্থা করব।
অবৈধভাবে সীমান্ত পার হয়ে দেশে প্রবেশ ঠেকাতে দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে যশোরের বেনাপোলসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে ২৫ থেকে ৩০টি তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে। সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি রাতের বেলায় নজরদারি জোরদার করতে সার্চলাইট স্থাপন করা হচ্ছে। এছাড়া থার্মাল ক্যামেরা ও ড্রোনের মতো আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে এবং প্রয়োজনে সড়কে কয়েক স্তরে ব্যারিকেড বসানো হবে।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েনের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ১০ নভেম্বর থেকে সেখানে বিজিবি কাজ করছে। যশোর রিজিওন থেকে প্রথমে তিন প্লাটুন এবং রোববার আরও তিন প্লাটুনসহ মোট ছয় প্লাটুন বিজিবি সেখানে দায়িত্ব পালন করছে।