যশোর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া আউলিয়াপাড়ায় একটি হাঁসের খামারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খামারটি হাঁসের খামার ও মাছের ঘেরের আড়ালে দীর্ঘদিন ধরে একটি অপরাধী সিন্ডিকেটের আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। চক্রটি দেহব্যবসা, পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানের সময় খামার থেকে হাসুয়া, রামদা, কুড়াল, চাইনিজ কুড়াল, ওয়াকিটকি, খেলনা পিস্তল, মদের বোতল, যৌনতা-সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম, রেঞ্চ, করাত, ওজন মাপার স্কেল, সিসি ক্যামেরা ও পুলিশের পোশাক উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় চক্রের মূল হোতা ও খামার মালিক সোহাগ পালিয়ে যান। আটক তিনজন হলেন—মাহবুবুর রহমান, জাসিবুল ইসলাম হাসিব ও ইউনুস আলী।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকতে পারে।”
পুলিশ বলছে, পালাতক সোহাগ ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।