নেত্রকোণা প্রতিনিধি: ভারত থেকে মাদকদ্রব্য পাচারকালে নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতলসহ একজনকে আটক করেছে বর্ডার বার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৫ বোতল আইস ভদকা ও ৯ বোতল এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় মদ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আটককৃত যুবক হলেন- দুর্গাপুর উপজেলার মেনকী ফান্দা গ্রামের মৃত মো. আবুল কাশেমের ছেলে মো. রুহুল আমীন (২১)।মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
৩১ বিজিবির অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারভেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ওই বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬২ এমপি হতে আনুমানিক আটশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর ইউনিয়নের চন্দ্রকোনা নামক এলাকা থেকে বিদেশী মদের বোতলসহ এক যুবককে আটক করতে সক্ষম হয় বিজিবির টহল দলটি।
জব্দকৃত ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতলসহ আটককৃত আসামিকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।