স্টাফ রিপোর্টার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকার বাসিন্দা এবং পিতা এসএম ইকবালের পুত্র।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, গুলির শব্দ শোনার পর হাসপাতালের সামনে রাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, তবে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
নিহতের পরিচিত ফাইজুল হক অপু বলেন, সকালে মামুনের ফোন থেকে কল পেয়ে ঘটনাটি জানতে পারেন। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন। তিনি আরও জানান, নিহত তারিক সাইফ মামুন একজন ব্যবসায়ী ছিলেন এবং তাদের পরিচয় গাজীপুরে হয়েছিল।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত গুলিবর্ষণের কারণ বা দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।