অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেক শিশুর একটি প্রতিভা রয়েছে, যা মা-বাবা, শিক্ষক ও প্রতিবেশীরা মিলে সামনে নিয়ে আসার সুযোগ তৈরি করতে পারে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে তিনি এই কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, প্রতিযোগিতা শিশু-কিশোরদের মধ্যে প্রেরণা সৃষ্টি করে এবং তাদের নিজেকে আবিষ্কার করার সুযোগ তৈরি করে। তিনি সরকারকেও রচনা, প্রযুক্তি, ব্যবসা, খেলাধুলা, বিজ্ঞান, ফ্যাশন ডিজাইন, খাবার তৈরি, নাটক ও গল্প বলার মতো বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা আয়োজন করার পরামর্শ দেন।
ড. ইউনূস বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই প্রতিযোগিতা আত্ম-আবিষ্কারের সুযোগ করে দিয়েছে এবং যারা জিততে পারেনি, তাদের মনে জেদ কাজ করবে, যা মানুষকে বদলে দেয়। তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে ফ্যাশন ডিজাইন, খাদ্য প্রস্তুতি, বিজ্ঞান, ব্যবসা ইত্যাদি নানা ক্ষেত্রে নতুন প্রতিভা উঠে আসবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় সারা দেশ থেকে হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ প্রধান উপদেষ্টা ‘ক’ শাখা চ্যাম্পিয়ন প্রিয়শী চক্রবর্তী এবং ‘খ’ শাখা চ্যাম্পিয়ন শুভমিতা তালুকদারসহ বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও তিন লাখ টাকার পুরস্কার তুলে দেন।