রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হার্ট ও ফুসফুসের জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে তাকে নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। এর আগে রোববার রাতে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে।
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন ধরা পড়েছে এবং এতে হার্ট ও ফুসফুস উভয়ই আক্রান্ত হয়েছে। এ অবস্থায় তাকে কমপক্ষে ১২ ঘণ্টা নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন, তিনি কতদিন হাসপাতালে থাকবেন তা এখন বলা যাচ্ছে না; শারীরিক অবস্থার উন্নতির ওপর তা নির্ভর করছে।
সর্বশেষ শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসকদের পরামর্শে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। বহু বছর ধরেই তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া এবং ১১৭ দিন পর ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিভিন্ন সময়ে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে।