রাজধানীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে আসে। রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে, যা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফায়ার সার্ভিস জানায়, সচিবালয়ের নতুন ১ নম্বর ২০ তলা ভবনের ৯ম তলার বাইরের এগজস্ট ফ্যানের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে আরও দুটি ইউনিট সেখানে যায়।
তবে বড় ধরনের কাজ করার প্রয়োজন হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে দুপুর ২টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।