টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা পিছিয়েছে। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে এটি শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাচ্ছে না। সব ঠিক থাকলে তাকে রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে নেওয়া হতে পারে।
শুক্রবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় এসে পৌঁছাতে পারে। মেডিকেল বোর্ড যদি যাত্রার জন্য খালেদা জিয়ার শরীরকে উপযুক্ত ঘোষণা করে, তবে রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।
দীর্ঘ দুই সপ্তাহ ধরে (২৩ নভেম্বর থেকে) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৃহস্পতিবার বৈঠক শেষে তাকে চিকিৎসার জন্য লন্ডন ব্রিজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এই হাসপাতালটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং বিশেষায়িত চিকিৎসার জন্য পরিচিত।
মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন নিশ্চিত করেন যে, বিমানে যাতে যেকোনো প্রতিকূলতার মধ্যেও তাকে নিরবচ্ছিন্ন চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে পুত্রবধূ সৈয়দা শামিলা রহমানসহ চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা ও গৃহকর্মী মিলিয়ে মোট ১৪ জন থাকবেন। এদিকে, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় ও উদ্বেগ অব্যাহত রয়েছে।