টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার (৬ ডিসেম্বর) রাতে জানাবে মেডিকেল বোর্ড। এদিকে, তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, শুক্রবার সম্পন্ন হওয়া এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রীর পাকস্থলীর রক্তক্ষরণ সাময়িকভাবে বন্ধ হয়েছে।
মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেবে। যদিও প্রথমে কাতারের নিজস্ব অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে তা বাতিল করে জার্মানির একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে।
এদিকে, শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিতে এবং চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করতে শুক্রবার সকালে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে। মূলত তার বিদেশ যাত্রা পুরোপুরিভাবে মেডিকেল বোর্ডের অনুমতি ও সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
গত ১৩ দিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে সংকটাপন্ন পরিস্থিতিতে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের মতো একাধিক জটিল রোগে ভুগছেন।