জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির কবরের পাশে তাঁর শেষ শয্যা তৈরির জন্য কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এর আগে ইনকিলাব মঞ্চের এই নেতার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় অবস্থানকালে চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি সরাসরি তাঁর মাথায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শরিফ ওসমান হাদির মরদেহ বাংলাদেশে পৌঁছালে সহযোদ্ধা ও স্বজনদের মাঝে এক শোকাতুর পরিবেশ তৈরি হয়। জুলাই বিপ্লবের অন্যতম এই সংগঠকের অকাল মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইনকিলাব মঞ্চ এবং বিভিন্ন ছাত্র সংগঠন এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত হিসেবে আখ্যা দিয়ে দ্রুত বিচার দাবি করেছে।