মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের নামধারী মহীয়সী নারী মরহুমা মোস্তফা বেগমের ৭ম মৃত্যুবার্ষিকী বুধবার (১ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে মরহুমার কবর জিয়ারত, দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শিল্পপতি আলহাজ্ব শফিক উদ্দিনের মাতা মরহুমা মোস্তফা বেগমের স্মৃতিকে অম্লান রাখতে তাঁর নামেই প্রতিষ্ঠিত হয়েছে মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ। নারী শিক্ষার প্রসারে তাঁর অনুপ্রেরণা ও স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে অধ্যক্ষ মোহাম্মদ হাসানের নেতৃত্বে মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ পরিবারের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মরহুমার কবর জিয়ারত করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন মায়ের স্মৃতিকে চিরজাগরুক রাখতে তাঁর নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আজ মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি নারী শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আলোকিত সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মরহুমা মোস্তফা বেগমের নাম এভাবেই শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, আলহাজ্ব শফিক উদ্দিন ও তাঁর পরিবারের শিক্ষা বিস্তারের নিরলস প্রচেষ্টায় এ অঞ্চলে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিশাল ক্যাম্পাসজুড়ে গড়ে ওঠা এসব শিক্ষাপ্রতিষ্ঠান আজ একটি আধুনিক বিদ্যানগরীতে রূপ নিয়েছে। মনোরম, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করা হচ্ছে, যা এলাকার শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের শেষে মরহুমা মোস্তফা বেগমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উত্তরোত্তর উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।