চট্টগ্রাম সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে এক দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাইরে থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর রিমন ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার মাকে আঘাত করেন। স্ত্রীকে রক্ষা করতে গেলে বাবা স্বপন দাশ গুপ্তও ছুরিকাঘাতের শিকার হন। ঘটনাস্থলেই কল্পনা দাশের মৃত্যু হয়। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তিনি মারা যান।
নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ দাবি করেন, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।