নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সোমবার (২৭ জুলাই), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর শহরের দড়াটানা মোড় এলাকার ভৈরব সুপারমার্কেটে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন প্যাথিডিন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দুপুরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে এই অভিযানে দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়। অধিদপ্তরের সদস্যরা ক্রেতা সেজে প্যাথিডিন কেনার পর নিশ্চিত হয়ে এই অভিযান পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, বৈধ অনুমোদন ছাড়াই দোকানটিতে মাদকাসক্তদের কাছে অধিক মূল্যে প্যাথিডিন বিক্রি করা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাই করতে অধিদপ্তরের একজন সদস্য ক্রেতা সেজে দোকান থেকে ৩০০ টাকায় একটি প্যাথিডিন কেনেন।
এরপর অধিদপ্তরের একটি দল দোকানটিতে তল্লাশি চালিয়ে লাইসেন্সবিহীনভাবে সংরক্ষণ করা আনুমানিক ৩৫ থেকে ৪০টি প্যাথিডিন উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া প্যাথিডিনের সঠিক সংখ্যা গণনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে কর্মকর্তারা জানান।
অভিযানের সময় দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া আলামত, প্যাথিডিনের চূড়ান্ত সংখ্যা এবং অভিযানের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে প্রকাশ করা হবে।