অভয়নগর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলায় একই রাতে তিনটি পরিবারের ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে উপজেলার বাঘুটিয়া গ্রামের দাসপাড়া এলাকার আব্বাস গাজীর গোয়ালঘর থেকে দুটি এঁড়ে গরু, রাজেন্দ্র মণ্ডলের ছেলে দুলাল মণ্ডলের গোয়ালঘর থেকে একটি এঁড়ে গরু এবং প্রতিবেশী প্রদীপ বিশ্বাসের গোয়ালঘর থেকে এক দিনের বাছুরসহ একটি গাভী ও আরও দুটি গরু চুরি হয়। অভিযোগ রয়েছে, চোর চক্রের সদস্যরা গভীর রাতে ট্রাকে করে এসে গরুগুলো চুরি করে পালিয়ে যায়।
একই এলাকা থেকে এক রাতে ছয়টি গরু চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়েবুর রহমান জানান, এক রাতে তিনটি পরিবারের ছয়টি গরু চুরি হওয়ায় পরিবারগুলো একপ্রকার পথে বসে গেছে। চুরি হওয়া ছয়টি গরুর আনুমানিক বাজারমূল্য সাত থেকে আট লাখ টাকা।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, চুরির বিষয়টি জানার পরপরই ভাটপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।