মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট প্রতিনিধি
শনিবার (১ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ শুঁটকির মাচা ধ্বংস করেছে বন বিভাগ। শুক্রবার বিকেলে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ শুঁটকি চিংড়ি, একটি নৌকা, মাছ ধরার জাল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন কালামিয়া নারিকেলবাড়ীয়া খাল সংলগ্ন দুর্গম এলাকায় এই অভিযান চালায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা বনের ভেতরে পালিয়ে যায়। এরপর বনরক্ষীরা মাচাটি ভেঙে গুঁড়িয়ে দেয় এবং সেখানে থাকা মালামাল জব্দ করে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, “বর্তমানে সুন্দরবনে তিন মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। এক শ্রেণির অসাধু জেলে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে দুর্গম এলাকায় মাচা বানিয়ে খালে বিষ দিয়ে চিংড়ি শিকার ও শুঁটকি তৈরি করছিলো।”
তিনি আরও জানান, বন অপরাধীদের ধরতে সুন্দরবনে টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। জব্দ করা মালামাল বন আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বর্তমানে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এই সময়ে বনের ভেতরে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বন বিভাগ নিয়মিত টহল পরিচালনা করছে।