তারিম আহমেদ, অভয়নগর (যশোর) প্রতিনিধি
শনিবার (১ আগস্ট), ২০২৬ | বিকেল ৪:২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় পারিবারিক কলহের জেরে মেয়ের নোড়ার আঘাতে মা সাহানা বেগম (৬১) নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে (২০) আটক করেছে পুলিশ।
নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা গ্রামের মৃত সাত্তার মন্ডলের মেয়ে এবং জহুরুল ইসলামের স্ত্রী। তিনি অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় নাজমুল ইসলাম সোহেলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
বাড়ির মালিক নাজমুল ইসলাম সোহেল জানান, পারিবারিক কলহের জেরে সাহানা বেগমের সঙ্গে তার মেয়ে শিরিনা খাতুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিরিনা একটি সিল-নোড়া দিয়ে সাহানা বেগমের মাথা ও মুখে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
বাড়ির মালিকের স্ত্রী ডলি খাতুন গুরুতর আহত অবস্থায় সাহানা বেগমকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”