মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটিতে এক কৃষকের পেঁপে বাগান ধ্বংস এবং চাঁদার দাবির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) সকালে শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম। এছাড়াও পিসিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাঙামাটির আসামবস্তি এলাকার ব্রাহ্মণ টিলায় কৃষক খলিলুর রহমানের ফলন্ত পেঁপে বাগান চাঁদা না দেওয়ায় কেটে ধ্বংস করা হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগী কৃষক খলিলুর রহমান অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা তাঁর প্রায় ১,৪০০টি পেঁপেগাছ কেটে ফেলা হয়েছে এবং তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং ক্ষতিপূরণের দাবি জানান।সমাবেশ থেকে বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ, জড়িতদের আইনের আওতায় আনা, লংগদুর শিবেরআগা এলাকায় পুলিশ ক্যাম্প পুনঃস্থাপন এবং পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।