নজরুল ইসলাম, যশোর
রবিবার (২ আগস্ট), ২০২৬ | সকাল ১০টা ৫৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের কোতোয়ালী থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীর রাতে পালবাড়ী মোড় ও কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর চৌগাছা উপজেলার আফরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (৩৫) এবং কোতোয়ালী থানার দেয়াপাড়া কাজীপাড়া গ্রামের মৃত মীর ইসলাম আলীর ছেলে মোঃ এরশাদ আলী (৪০)।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল পালবাড়ী মোড়ের গড়াই পরিবহন কাউন্টারের বিপরীতে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সেনানিবাস এলাকা থেকে আসা একটি লাল রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িচালক মনিরুজ্জামানকে জিজ্ঞাসাবাদের পর গাড়ির টুলবক্স থেকে সিগারেটের প্যাকেটে মোড়ানো ৫ পিস ইয়াবা উদ্ধার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।
মনিরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখানে এরশাদ আলীর কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।