আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
মঙ্গলবার (৪ আগস্ট), বিকেল ৫টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহীতে তালাকের ১১ দিনের মাথায় সাবেক স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতন মামলায় গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া একটি পরিবার। মামলার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুতর অসুস্থ বৃদ্ধা মায়ের নিয়মিত চিকিৎসাসেবা নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকার বাসিন্দা রকিবুল আলম রাসেদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর নগরীর নতুন বিলশিমলা এলাকার রেজওয়ানা কবিরের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় চলতি বছরের ১ জুলাই দেশের প্রচলিত আইন ও ধর্মীয় বিধান মেনে স্ত্রীকে তালাক দেন তিনি।
রকিবুল আলমের অভিযোগ, তালাকের ১১ দিন পর ১২ জুলাই তার সাবেক স্ত্রী তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা করেন। তার দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক।
রকিবুল আলম বলেন, “মামলায় পরিবারের সদস্যদের আসামি করায় আমরা আতঙ্কের মধ্যে আছি। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না। আমার বৃদ্ধ মা দীর্ঘদিন ধরে অ্যাজমা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণ ব্যাহত হচ্ছে।”
এ বিষয়ে মামলার বাদী রেজওয়ানা কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের পরিচয় ও মামলার বিষয়ে জানতে চান। পরে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
রাজপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে বিস্তারিত বলা সম্ভব নয়।”
ভুক্তভোগী পরিবারটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং অসুস্থ বৃদ্ধা মায়ের চিকিৎসা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।