মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার (৪ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ দরবেশহাট ডিসি সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও ভাঙনের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে ইট-পাথর বেরিয়ে পড়েছে এবং বর্ষার কাদায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
সড়কটির নাজুক অবস্থার কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে গর্তগুলো ঢেকে যাওয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে।
মোস্তফা বেগম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাসান বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদা থাকায় শিক্ষার্থীদের নিরাপদে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় তারা পিছলে পড়ে আহত হচ্ছে। দ্রুত সড়কটির সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সড়কটি স্থানীয় জনজীবন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কারের অভাবে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। এলাকাবাসী জনস্বার্থে অবিলম্বে সড়কটির জরুরি সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন।