মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পূর্ব সুন্দরবনের শেলারচর টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে জাল ও দুটি নৌকাসহ দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে শেলারচরের ছাপড়াখালি খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন— বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার হোসেন (৩০) ও আইয়ুব আলী (২৮)।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-র নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের একটি টিম ছাপড়াখালি খালে টহল দেওয়ার সময় অসাধু জেলেদের মাছ ধরতে দেখে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা থেকে লাফিয়ে বনের গহীনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে বনরক্ষীরা দুটি নৌকা ও মাছ ধরার জালসহ ওই দুই জেলেকে হাতেনাতে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, আটক জেলেরা বন আইন অমান্য করে সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্যের নিষিদ্ধ খালে বেআইনিভাবে মাছ ধরছিল। পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত বন আইনে মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।