নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর), রাত ৮টা ৫১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার আল-নুহুদ শহরের কাছে আল-জারা খনিতে একাধিক সংযুক্ত সুড়ঙ্গ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এএফপির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
কর্দোফান অবজারভেটরি জানায়, নিহতদের বেশিরভাগই ক্ষুদ্র পরিসরে খনিতে কাজ করা শ্রমিক। ধসের পর বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। বিশেষায়িত কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় স্থানীয় বাসিন্দারা সাধারণ সরঞ্জাম দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন।
এলাকাটি নিয়ন্ত্রণকারী আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এক সূত্র জানায়, দুর্ঘটনায় অন্তত ৮২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা রয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া খনি শ্রমিক খায়ের আল-সাইয়েদ জাবারা বলেন, “সহকর্মীদের সঙ্গে রাতভর নিজেদের সরঞ্জাম ব্যবহার করে জীবিতদের উদ্ধারের চেষ্টা করেছি। তবে এখানে ভারী যন্ত্রপাতি প্রয়োজন।”
স্থানীয় সূত্রগুলো জানায়, নিরাপত্তাব্যবস্থা ও উদ্ধার সরঞ্জামের অভাবেই মৃতের সংখ্যা এত বেশি হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, উদ্ধারকাজ চলমান রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সংগঠনটি আরও জানায়, খনিটিতে শ্রমিকদের জন্য কোনো মৌলিক নিরাপত্তাব্যবস্থাই ছিল না।
আফ্রিকার শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর একটি সুদান। দেশটির স্বর্ণের বড় একটি অংশ পুরোনো বা অননুমোদিত খনিতে ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে উত্তোলন করা হয়।