জেলা প্রতিনিধি
সোমবার (২১ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৮টা ৫৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুমিল্লার দেবিদ্বারে আপন মাকে কুপিয়ে ও আট মাস বয়সী ভাতিজিকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তুহিন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শালঘর গ্রামের মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘাতককে বাধা দিতে গেলে ভাবি রাবেয়া বেগমকেও কুপিয়ে মারাত্মক জখম করেন তিনি।
নিহতরা হলেন ইমনের মা পেয়ারা বেগম ও তাঁর আট মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান। গুরুতর আহত অবস্থায় রাবেয়া বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে আটটার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তাঁর মা পেয়ারা বেগমকে কোপান। এরপর তিনি ভাতিজি ইসরাতকে আছাড় দেন। রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে এলে তাঁকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দাদি ও নাতনিকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমনকে হেফাজতে নিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের পর বিস্তারিত জানানো হবে।