আহম্মদ আব্দুল্লাহ, ববি প্রতিনিধি
রবিবার (৪ অক্টোবর) ২০২৬, সন্ধ্যা ৭টা ৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও সংক্ষেপিত রূপ ব্যবহারে কঠোর নির্দেশনা জারি করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের পূর্বানুমোদন ছাড়া ফেসবুকসহ যেকোনো প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানের নাম বা লোগো ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই নীতিমালা কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনের অনুমতি ছাড়া ‘বরিশাল বিশ্ববিদ্যালয়’, ‘ববি’, ‘বিইউ’, ‘বরিশাল ইউনিভার্সিটি’ বা ‘বিইউ’ (BU) নাম এবং লোগো ব্যবহার করা যাবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম বা লোগো ব্যবহার করে কোনো পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা করাও নিষিদ্ধ করা হয়েছে।
আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নাম বা লোগো ব্যবহার করে কোনো ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে দেশের প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইবার অপরাধ প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ পুলিশের সাইবার টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ করে বা বোঝায় এমন কোনো শব্দও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।