নিউজ ডেস্ক
মঙ্গলবার (৬ অক্টোবর), রাত ৮টা ৪৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নওগাঁর ধামইরহাট উপজেলায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের পাঁচ সদস্য। ধর্মীয় বিশ্বাস ও নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নেন। গত বুধবার নওগাঁ জেলা আদালতে স্থানীয় আলেমদের উপস্থিতিতে কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন তারা।
ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারের সদস্যরা হলেন মো. আবু মুছা, তার স্ত্রী মোসা. ফাতেমা বিবি এবং তিন সন্তান মো. হাসান, মো. হুসাইন ও মোসা. আমেনা। তারা উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকায় আদিবাসী পল্লিতে বসবাস করেন। ইসলাম গ্রহণের আগে তাদের নাম ছিল যথাক্রমে পিউস মর্মু, মগদালিনা সরেন, আন্তনি মর্মু, ফূলমনি আন্না ও পিত্তর মর্মু।
দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর পরিবারের সদস্যদের মধ্যে এই ধর্মের প্রতি আগ্রহ তৈরি হয়। ইসলামের ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও জীবনব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানার পর তারা নিজেদের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে মোসা. ফাতেমা বিবি বলেন, “নিজেদের স্বাধীন সিদ্ধান্ত ও বিশ্বাস থেকেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম সম্পর্কে জানার পর আমরা এ ধর্মের প্রতি আকৃষ্ট হই। সবকিছু জেনে-বুঝেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা আগামী দিনগুলোতে সমাজের মুসলিম ধর্মের মানুষের সঙ্গে একত্রে বসবাস করতে চাই।”
ইসলাম ধর্ম গ্রহণের পর পরিবারের সদস্যরা নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধি-বিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।