উপজেলা প্রতিনিধি
বুধবার (৭ অক্টোবর) রাত ৮টা ৫৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নরসিংদীর মনোহরদীতে একটি পুরোনো পুকুরে ‘জলপরী’ থাকার গুজবে গত পাঁচ দিন ধরে হাজারো মানুষ ভিড় করছেন। স্থানীয় একদুয়ারিয়া ইউনিয়নের আলালপুর গ্রামে অবস্থিত ২০০ বছরের পুরোনো পুকুরটিতে অলৌকিক কিছু পাওয়ার আশায় মানুষ ভিড় জমালে প্রশাসনের পক্ষ থেকে জাল ফেলে তল্লাশি চালানো হয়। তবে সেখানে কোনো জলপরী নয়, বরং সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া গেছে।
পুকুরের মালিক কবির আহমেদ ভূঁইয়া জানান, পারিবারিক এই পুকুরে তারা নিয়মিত মাছ চাষ করেন। কিছুদিন আগে একসঙ্গে সিলভার কার্প মাছ সাঁতার কাটার দৃশ্য দেখে কিছু মানুষ সেটিকে জলপরী হিসেবে ভুল প্রচার শুরু করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে পুকুরপাড়ে পূজা, ভোগ দেওয়া এবং পানি বোতলে ভরে বাড়ি নিয়ে যাওয়ার মতো অন্ধবিশ্বাসমূলক কর্মকাণ্ড শুরু হয়।
অযাচিত এই ভিড়ের কারণে পুকুরের মাছের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং মালিকপক্ষ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “প্রশাসনের পক্ষ থেকে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু মাছ ছাড়া সেখানে অন্য কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি।”
গুজব ঠেকাতে প্রশাসন সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া যারা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রশাসন।