জেলা সংবাদদাতা
শনিবার (১০ অক্টোবর ২০২৬), সন্ধ্যা ৭টা ১৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলেকজান্ডার মাদ্রাসায়ে বাবুত তাকওয়া নামের ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের দরজা বন্ধ করে শিশু শিক্ষার্থী আদনানকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও স্কেল দিয়ে আঘাত করা হচ্ছে। অন্য একটি ভিডিওতে এক শিশুকে দেয়ালের সঙ্গে চেপে ধরে মাথায় বারবার আঘাত করতে দেখা যায়। এ ছাড়া দুটি ছবিতে জানালার সঙ্গে শিকল দিয়ে দুই শিশুকে বেঁধে রাখার দৃশ্যও উঠে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মাদ্রাসাটিতে কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীদের শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এসব ঘটনার সময় অন্য শিক্ষকেরা উপস্থিত থাকলেও তারা কোনো বাধা দেননি। ভয়ে শিশুরা বাড়িতে গিয়ে এসব নির্যাতনের কথা অভিভাবকদের জানাত না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের স্বজনরা।
মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন শিক্ষক এসব ঘটনা ঘটিয়েছেন। এ জন্য তিনি প্রধান শিক্ষকের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাবিবুল্লাহ নীরব বলেন, “একজন শিক্ষক শিক্ষার্থীকে নির্যাতন করেছেন। আমরা তাকে বহিষ্কার করেছি। আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নই।”
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, “প্রধান শিক্ষক বর্তমানে পলাতক আছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকেরা আমার কাছে এলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেননি।”