নিউজ ডেস্ক
শনিবার (১০ অক্টোবর) ২০২৬, রাত ৮টা ২২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশে এলপিজি সিলিন্ডারের নির্ধারিত মূল্য কার্যকর না হওয়ায় বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১,৮৩৭ টাকা নির্ধারণ করে দিলেও গ্রাহকদের তা কিনতে হচ্ছে ২,২০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। সরবরাহ সংকট ও সাপ্লাই চেইনের প্রতিটি স্তরে অতিরিক্ত মুনাফার প্রবণতাকে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে দেখা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সিলিন্ডার প্রতি ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, ডিলারদের কাছ থেকে বেশি দামে গ্যাস কিনতে হওয়ায় তারা কম দামে বিক্রি করতে পারছেন না। আবার ডিলারদের অভিযোগ, অপারেটর কোম্পানিগুলো নির্ধারিত দরে গ্যাস সরবরাহ করছে না, ফলে তারা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন।
মুন্সীগঞ্জের এক ডিলার মোজাম্মেল বলেন, “ডিলাররাই যদি আমাদের কাছ থেকে ২,২০০ টাকা দাম চায়, তবে দোকানদার কত টাকায় বিক্রি করবে? পাইকারি রেটেই ৩৫০ টাকার পার্থক্য হয়ে যাচ্ছে।”
এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেলিম খান বলেন, “অপারেটররা আমাদের কাছে বেশি দাম চেয়েছে। আমরা বিইআরসিতে চিঠিতে তালিকা দিয়েছি। এ অবস্থায় যদি আমরা বিইআরসি রেটে বিক্রি করতে যাই, তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর পুঁজি হারাবে।”
আমদানিকারক ও অপারেটরদের দাবি, বিশ্ববাজারে এলপিজির দাম বৃদ্ধি এবং স্পট মার্কেট থেকে উচ্চ মূল্যে প্রিমিয়াম দিয়ে গ্যাস আনার কারণে খরচ বেড়েছে। তবে বিইআরসি এবং ভোক্তা অধিকার সংগঠনগুলোর অভিযোগ, আমদানির পর্যাপ্ত তথ্য থাকলেও বাজারে যথাযথ মনিটরিংয়ের অভাবে ব্যবসায়ীরা অলিগোপলি বা সিন্ডিকেট তৈরি করে অতিরিক্ত মুনাফা করছেন।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, “বিইআরসির এই বাজারের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার যদি নিজে বাজারে এলপিজি সরবরাহের সক্ষমতা অর্জন না করে, তাহলে বাজার নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানি মন্ত্রণালয় দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশনা দিয়েছে। বিইআরসি জানিয়েছে, আমদানির তথ্য বিশ্লেষণ ও মাঠ পর্যায়ে পরিদর্শনের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র-বিবিসি