নিউজ ডেস্ক
শনিবার (১৭ অক্টোবর) ২০২৬, রাত ৮টা ৪৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে, যাদের মধ্যে পাঁচজন নারী ও এক শিশু রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল ৭টা ২৩ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। রিসোর্টটির তিনতলার দুটি শৌচাগার থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। সমুদ্রের তীব্র বাতাসের কারণে কাঠের তৈরি স্থাপনাটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
নিহতদের স্বজন আমিনুল ইসলাম বলেন, “আমার তিন বোনের পাঁচ সন্তানসহ পরিবারের ছয়জন মারা গেছেন। তারা ৯ জন বেড়াতে এসেছিল, তিনজন বেঁচে আছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল।”
তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “রিসোর্টটিতে অগ্নিনির্বাপক যন্ত্র, অগ্নিসংকেত বা অগ্নিনিরাপত্তা পরিকল্পনা ছিল না। এমনকি প্রতিষ্ঠানটির কোনো ফায়ার লাইসেন্সও ছিল না। মাত্র সাত-আট মাস আগে নির্মিত এই রিসোর্টের মালিকানা নিয়েও দ্বন্দ্ব রয়েছে।”
শনাক্ত হওয়া নিহতরা হলেন—ঢাকার ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। এ ঘটনায় দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন ও তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান রয়েছেন।
ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।