দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভয়নগর (যশোর) প্রতিনিধি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বসু বাড়ির আয়োজনে এবার বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ধারাবর্ত থিম। আবহমান বাংলার গ্রামীণ জীবন, মেহনতি মানুষের শ্রম, লোকশিল্প ও হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো পূজামণ্ডপ। ব্যতিক্রমী এই আয়োজন দর্শনার্থীদের মধ্যে ভিন্নধর্মী আগ্রহ তৈরি করেছে।
মণ্ডপের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে বিশাল গরুর গাড়ির চাকা, যা কালের আবর্তন ও সময়ের নিরবচ্ছিন্ন গতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া ছয়টি কুঁড়েঘরে ফুটিয়ে তোলা হয়েছে কৃষক, জেলে, মৃৎশিল্পী, বাঁশশিল্পী, কাঠশিল্পী ও হস্তশিল্পীদের কর্মজীবন। পাশাপাশি সিঁদুরে ঢাকা কাঁচা মাটির কালী প্রতিমার রূপও স্থান পেয়েছে এই আয়োজনে।
মণ্ডপের সাজসজ্জায় প্রাকৃতিক উপকরণের ব্যবহার বিশেষভাবে নজর কেড়েছে। বিছালী বা খড় দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। অন্যদিকে পাট, সুতা ও জালের কাঠি ব্যবহার করে তৈরি করা হয়েছে দুর্গাপ্রতিমার বিশেষ অলংকার। এসব উপকরণের ব্যবহারে গ্রামীণ বাংলার ঐতিহ্য ও লোকশিল্পের স্বতন্ত্র রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
এ আয়োজনের অন্যতম ব্যতিক্রমী আকর্ষণ মণ্ডপের বিপরীত প্রান্তে স্থাপন করা সিঁদুরে ঢাকা বিশাল উলটানো মাটির দুর্গামস্তক। আয়োজকদের ভাবনায় এটি পরম শক্তি ও মহাজাগতিক চেতনার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।
আয়োজক সব্যসাচী বসু রাজা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি বাংলার হারিয়ে যাওয়া শিকড়, গ্রামীণ জীবন ও লোকসংস্কৃতির অবিরাম ধারাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ‘ধারাবর্ত’ থিমের মূল উদ্দেশ্য।
থিমটির পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন ।