অভয়নগর (যশোর) প্রতিনিধি
শনিবার (২৪ অক্টোবর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। বর্তমানে তার মরদেহ রেললাইনের পাশেই রয়েছে।
নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, “রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।”