সংবাদদাতা, মেলান্দহ
রবিবার (৮ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় ট্রাকচাপায় হাফেজ দম্পতি, তাদের আট মাস বয়সী শিশুকন্যা ও এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী গ্রামের হাফেজ মোরশেদ আলম (২৫), তার স্ত্রী হাফেজা ইকরামা (২৩), তাদের আট মাস বয়সী মেয়ে রিফা ও মেলান্দহ পৌরসভার শাহজাদপুর এলাকার মোটরসাইকেলচালক লিখন আকন্দ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোরশেদ, ইকরামা ও তাদের শিশুকন্যার মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেলচালক লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
মোরশেদ ও ইকরামা দম্পতি দ্বীনি শিক্ষার প্রসারে ২০২৫ সালে মাহমুদপুর এলাকায় ‘হারুনুর রশিদ ইসলামী কমপ্লেক্স’ প্রতিষ্ঠা করেন। তারা দুজনই সেখানে শিক্ষকতা করতেন। শুক্রবার রাতে জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় একটি ওয়াজ মাহফিলে অংশ নিয়ে শনিবার সকালে ইজিবাইকে করে মাদ্রাসায় ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকচালক শান্তকে (২০) গ্রেপ্তার করে।
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, “মেলান্দহে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসার আশ্বাস দেন।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “একই পরিবারের তিনজনসহ চারজনের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে আট মাসের শিশুটির মৃত্যুর ঘটনা মেনে নেওয়া কঠিন। আমি নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসায় সহযোগিতা করব।”