নিউজ ডেস্ক, রবিবার (১৫ নভেম্বর) ২০২৬, দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি আজ রবিবার রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ রূপ নিতে পারে।
গভীর লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ বলছে, এটি ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও আঘাত হানতে পারে।
সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সতর্কতায় আবহাওয়া অধিদপ্তর
বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা বিশেষ বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।