উপজেলা প্রতিনিধি
শনিবার (২১ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রংপুরের পীরগাছায় তিস্তা নদীর পানিয়ালের ঘাট সংলগ্ন চরে সেতু নির্মাণের দাবিতে দুই দিনব্যাপী ব্যতিক্রমী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় তিন জেলার কয়েক লক্ষ মানুষের যাতায়াতের সুবিধার্থে দ্রুত সেতু নির্মাণের দাবি জানানো হয়।
শুক্রবার বিকেলে শুরু হওয়া এই প্রতিযোগিতা শনিবারও অব্যাহত থাকে। এতে বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে বিজয়ী হয় পঞ্চগড়ের ৬ বছর বয়সী সাব্বির। ঘোড়দৌড় দেখতে নদীর দুই পাড়সহ আশপাশের এলাকা থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সংযোগস্থলে একটি সেতু নির্মাণ করা হোক। সেতু না থাকায় বর্ষা মৌসুমে নৌকা এবং শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়িই যাতায়াত ও পণ্য পরিবহনের একমাত্র ভরসা। এতে শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দা নাহিদ ইসলাম বলেন, “পানিয়ালঘাটে একটি সেতু নির্মিত হলে রংপুরের পীরগাছা ও কুড়িগ্রামের উলিপুরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। একইসঙ্গে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”
আয়োজক কমিটির প্রধান শাকিল সরকার বলেন, “কয়েক দফায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।”
পীরগাছা উপজেলার ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “সেতুটি নির্মাণের জন্য কারিগরি পর্যবেক্ষণ চলছে। মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি টিম পরিদর্শন করেছে। সম্ভাব্যতা যাচাই শেষ হলেই সেতুটি নির্মাণ করা সম্ভব হবে, তবে এটি সময় সাপেক্ষ ব্যাপার।”