মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদিপশু ও গৃহপালিত প্রাণী লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত।
অনুষ্ঠানে জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মোট ২০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের গবাদিপশু ও গৃহপালিত প্রাণী লালন-পালন, পরিচর্যা এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষকের মাধ্যমে তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি প্রশিক্ষণার্থীরা স্থানীয় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার এবং একটি বেসরকারি গবাদিপশুর খামার পরিদর্শন করেন।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলে বেকারত্ব হ্রাস ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।