নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (২৬ নভেম্বর), সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের বিভিন্ন স্থানে গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় হামলার শিকার হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যার ফলে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে গ্রামীণ ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, যা কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চললেও সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ সেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণেও সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা সমস্যায় পড়ছেন। এতে এসব অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রমের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪টি জেলায় ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি এবং দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে এর কার্যক্রম বিস্তৃত।
ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি জানায়, ব্যাংকিং কার্যক্রমের নিরাপদ ও নিরবচ্ছিন্ন পরিবেশ বজায় রাখা দেশের অর্থনীতি ও জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।