নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২৬ নভেম্বর), রাত ৯টা ৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আগামী বুধবার (২ ডিসেম্বর) যশোর ও কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি যশোরে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং কুষ্টিয়ায় গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন।
বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরসূচি জানানো হয়। যশোর বিমানবাহিনী একাডেমিতে প্রেসিডেন্ট প্যারেডে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফর করবেন।
যশোরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।
কৃষি তথ্য সার্ভিসের তথ্য অনুযায়ী, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ও কমলাপুর ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এ সময় প্রত্যেক কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৭১ লাখ ২৫ হাজার টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে।
ধর্মীয় ও সামাজিক কর্মসূচি
কুষ্টিয়ায় কৃষি সহায়তার পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমেও অংশ নেবেন সরকারপ্রধান।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, যশোরে প্রধানমন্ত্রীর কোনো পৃথক জনসভা বা রাজনৈতিক সমাবেশের কর্মসূচি নেই। যশোর ও কুষ্টিয়ায় নির্ধারিত সরকারি কর্মসূচি সম্পন্ন করে একই দিনে প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।