ববি প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (বিইউআরএস) ২০২৬-২৭ মেয়াদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মাহফুজুর রহমান নাজিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর চন্দ্র বাড়ৈ।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুসরাত জাহান নিসা, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের সুরাইয়া আক্তার আফরিন এবং সমাজবিজ্ঞান বিভাগের মো. রেজাউল করিম। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের মো. আবু বকর সিদ্দিক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফাতেমা তুজ জোহরা।
এ ছাড়া জ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা, অর্থ ও দপ্তর, নেটওয়ার্কিং ও জনসংযোগ, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন, আইটি ও কনটেন্ট উন্নয়ন, আন্তর্জাতিক বিষয়াবলি, প্রেস ও প্রকাশনা, অনুষ্ঠান ও লজিস্টিক ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা এবং আউটরিচ ও ক্লাব সমন্বয়সহ বিভিন্ন সম্পাদকীয় পদে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের মডারেটর ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হোসনেয়ারা ডালিয়া বলেন, ‘গবেষণা কেবল তথ্য সংগ্রহ নয়; বরং প্রশ্ন করার সাহস, নতুন জ্ঞান অনুসন্ধান ও সৃজনশীল চিন্তার বিকাশের প্রক্রিয়া। গবেষণার বিষয় নির্বাচন, সাহিত্য পর্যালোচনা, পদ্ধতি নির্ধারণ ও তথ্য বিশ্লেষণের ধাপে শিক্ষার্থীরা প্রায়ই দিকনির্দেশনার অভাবে সমস্যায় পড়ে। বিইউআরএস শিক্ষার্থীদের গবেষণাভীতি দূর করে অনুসন্ধিৎসু মনোভাব ও আত্মবিশ্বাস গড়ে তুলবে বলে আমি আশাবাদী।’
সংগঠনের গবেষণা পরিচালক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য গবেষণার বিকল্প নেই। উন্নত দেশগুলো গবেষণালব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে এগিয়ে গেছে। ক্ষুদে গবেষক তৈরি, নতুন উদ্ভাবনে উৎসাহ প্রদান এবং ন্যাশনাল ইয়ুথ রিসার্চ সামিট আয়োজনের মাধ্যমে বিইউআরএস দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।’
দায়িত্ব গ্রহণের পর এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত সভাপতি কাজী মাহফুজুর রহমান নাজিম ও সাধারণ সম্পাদক সাগর চন্দ্র বাড়ৈ বলেন, শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করা, বিশ্লেষণী দক্ষতা বিকাশ এবং গবেষণার সুযোগ ও প্রশিক্ষণ বাড়ানোই নতুন কমিটির মূল লক্ষ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটিকে একটি সুসংগঠিত ও কার্যকর গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিসর আরও বিস্তৃত হবে এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গবেষণামুখী কার্যক্রমে অধিকতর সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।