নিউজ ডেস্ক
শনিবার (২৮ নভেম্বর), সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে আগামী বছরের এপ্রিলে ঢাকায় আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ এই পরিকল্পনার কথা জানান।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছেন আয়োজকরা। তবে বিশ্ববিখ্যাত এই শিল্পীর বাংলাদেশ সফর বা কনসার্টে অংশগ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ বলেন, “পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে ঢাকায় আসতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। আমরা তাকে নিয়ে কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।”
শাকিরার কনসার্ট আয়োজনের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য কিংবা বিক্রির সময়সূচি প্রকাশ করেননি আয়োজকরা। ফলে বিষয়টি বর্তমানে আয়োজক প্রতিষ্ঠানের পরিকল্পনার পর্যায়েই রয়েছে।
ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজিত হলে তা দেশের সংগীতাঙ্গনে বড় আন্তর্জাতিক আয়োজন হিসেবে গণ্য হবে। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত এই তারকা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়।
এদিকে ওটিলিয়ার কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক নাঈম আশরাফ পৃষ্ঠপোষক, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।