আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
শনিবার (২৮ নভেম্বর) ২০২৬, বিকেল ৫টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহীতে ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে ৩৭ নারীকে আটক করেছে পুলিশ। পকেটমার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আরএমপির মুখপাত্র (মিডিয়া) গাজিউর রহমান। তিনি জানান, মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অংশ নিতে আসা ৩৭ নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।
আয়োজকদের প্রত্যাশা, মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি সামাল দিতে কয়েক হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে এবং মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নারীদের অংশগ্রহণের সুবিধার্থে মাদরাসা মাঠের পাশে হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের আশা, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল অনুষ্ঠিত হবে।