প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
শনিবার (২৮ নভেম্বর), বিকেল ৩টা ৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর এলাকায় মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। ক্যানেলের ভাঙন প্রতিরোধ এবং তীরবর্তী মানুষের বসতভিটা ও কৃষিজমি রক্ষায় দ্রুত দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রায় দেড় মাস আগের পরিদর্শনের পরিপ্রেক্ষিতে রমজাইপুর এলাকায় ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। তবে ভাঙনের ধরন খাড়া হওয়ায় জিও ব্যাগ স্থাপনের পরও সেগুলো ধসে পড়ছে। ক্যানেলের বাঁকগুলোতে স্রোতের তীব্র আঘাতে বিপরীত তীরেও ভাঙন অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, শুধু জিও ব্যাগ ফেলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ক্যানেলের বাঁকগুলো কীভাবে সোজা করা যায়, সে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এলাকায় খননকাজ পরিচালনা করছে। এসব কাজের সঙ্গে সমন্বয় করে একটি যৌক্তিক, কার্যকর ও দীর্ঘস্থায়ী সমাধান নির্ধারণ করতে হবে। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা সম্পন্ন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠালে দ্রুত দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ব্যবস্থা করা হবে।
ভাঙনের ভয়াবহতা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙনে মানুষের ঘরবাড়ি ও কৃষিজমি বিলীন হচ্ছে। জীবিকা হারিয়ে অনেক মানুষ বেকার ও বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়ছেন। তাঁদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। পরিদর্শনকালে তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংকট সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, রায়েন্দার উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং ভূটিয়ামারীর উপসহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা উপস্থিত ছিলেন।