নিউজ ডেস্ক
শনিবার (২৮ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করার পাশাপাশি শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর হার সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করার নতুন শিক্ষা আইন পাস হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বিলটি ১৪২-১১২ ভোটে চূড়ান্ত অনুমোদন পায়। এর আগে ২০ নভেম্বর উচ্চকক্ষ সিনেটে আইনটি পাস হয়।
‘ডিক্রিটো স্কুওলা’ নামে পরিচিত এই আইনটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। নতুন নিয়মে স্কুল ও শ্রেণিকক্ষে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এই জরিমানার দায়ভার তার অভিভাবকের ওপর বর্তাবে।
শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর হার ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার বিধান থাকলেও, যেসব শিক্ষার্থী ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এই সীমা কার্যকর হবে না। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থায় মানিয়ে নিতে সহায়তার জন্য অভিভাবকদের ইতালীয় ভাষা শিক্ষার কোর্স চালুর ব্যবস্থাও রাখা হয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই পদক্ষেপকে নারী-পুরুষের সমতা ও অন্তর্ভুক্তির সহায়ক ব্যবস্থা হিসেবে অভিহিত করেছেন। শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতার বলেন, “প্রকৃত অন্তর্ভুক্তির স্বার্থেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।”
অন্যদিকে, বিরোধী দলগুলো এই আইনের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এই আইন মুসলিম শিক্ষার্থী ও বিদেশি পরিবারগুলোর বিরুদ্ধে বৈষম্য উসকে দেবে এবং শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করবে। ভোটাভুটির সময় বিরোধী আইনপ্রণেতারা পার্লামেন্টে ‘স্কুলে কেউ বিদেশি নয়’ লেখা ব্যানার নিয়ে প্রতিবাদ জানান।