নিউজ ডেস্ক / প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, বেলা ১১টা ১৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগামী কয়েক দিনের মধ্যে শক্তিশালী ঝড় ও বৈরী আবহাওয়া আঘাত হানার আশঙ্কায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের সতর্কতা জারি করা হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এই দুর্যোগে জরাজীর্ণ তাঁবুতে বসবাসরত ১৩ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি চরম ঝুঁকির মুখে পড়তে পারেন।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল শুক্রবার (২৭ নভেম্বর) এক সতর্কবার্তায় জানান, উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ বসবাসের অনুপযোগী তাঁবুতে আশ্রয় নিয়েছেন। বৃষ্টির পানিতে প্রায় দুই লাখ জরাজীর্ণ তাঁবু ও এক হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে।
মাহমুদ বাসাল বলেন, “আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে আমরা একটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছি।” তিনি পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ও দাতব্য সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তার আহ্বান জানান।
সরঞ্জাম সংকটে উদ্ধারকাজ
বাসাল জানান, বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দলগুলো তীব্র সরঞ্জাম সংকটে রয়েছে। জ্বালানি, লুব্রিকেন্ট, টায়ার, ব্যাটারি, খুচরা যন্ত্রাংশ ও পানির পাম্পের অভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পানি থেকে বাস্তুচ্যুত মানুষকে রক্ষা করতে অবিলম্বে টেকসই তাঁবু সরবরাহ ও অবকাঠামো সংস্কারের জন্য অর্থ বরাদ্দ জরুরি।
এর আগে গত ৬ নভেম্বর গাজায় আঘাত হানা শক্তিশালী ঝড়ে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে দুই নারী ও তিন শিশুসহ পাঁচজন নিহত হন। গত ১৩ নভেম্বর তীব্র শীতের কারণে নয় মাস বয়সি এক শিশুর মৃত্যুর তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে গাজাবাসী এখন চতুর্থ শীতের মুখোমুখি দাঁড়িয়ে আছে। দীর্ঘ সংঘাতে ঘরবাড়ি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন লাখো ফিলিস্তিনি।