নড়াইল জেলার লোহাগড়ায় জায়গা জমির সালিশে গিয়ে বিজিবি সদস্য ও বিএনপি’র দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কামঠানা রেল সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আহতরা হলেন- চর কর্ফা গ্রামের মিজান সিকদারের ছেলে ও বিজিবিতে কর্মরত সোহাগ সিকদার (২৮), সোবহান সিকদারের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিথুন সিকদার (৩০) এবং একই গ্রামের উবায়দুর সিকদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিচুর সিকদার লিয়ন (২৪)।
দলীয় পরিচয় নিশ্চিত করেছেন জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও লোহাগড়া থানা বিএনপি’র সদস্য সচিব টিপু সুলতান।
জানা যায়, কামঠানা গ্রামের হাফিজার মুন্সীর সঙ্গে তার ভাতিজা জলিল মুন্সীর রেলওয়ের জমি অধিগ্রহণের টাকা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির জন্য গত শনিবার বিকালে স্থানীয় পর্যায়ে সালিশ বসে। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জলিল মুন্সী তার চাচা হাফিজার মুন্সীকে পাওনা ২ লাখ ৫০ হাজার টাকা দেয়ার কথা পরদিন বিকালে। সেই টাকা না দিয়ে তারা জলিল সিকদারের লোকজন হাফিজার মুন্সীর পক্ষের লোকজনের সঙ্গে মারমুখী আচরণ করে। একপর্যায়ে জলিলের ছেলে নয়ন এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে হাফিজারের পক্ষের সালিশে যাওয়া বিজিবি সদস্যসহ দু’জন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, নয়ন মুন্সী ও তার পরিবার আওয়ামী লীগ সমর্থিত।
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, স্থানীয় পর্যায়ে খোঁজখবর নিলে স্থানীয়রা জানিয়েছে তারা কেউ কোনো গুলির শব্দ শোনেনি। তবে আহত তিনজন সূচালো কোনো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন না গুলিবিদ্ধ হয়েছেন তা চিকিৎসকের রিপোর্ট পেলে জানা যাবে।