মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক আইজিপি শহিদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।
মঙ্গলবার (৩ আগস্ট) রাতে উত্তরা ১৬ নং সেক্টর থেকে সাবেক এই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের ডিবি হেফাজতে নেয়া হয়েছে। ডিবি প্রধান জানান, সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলার বিষয়ে পরে জানানো হবে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ডিএমপি সূত্রে জানা গেছে, মামলা হওয়ার পর সেনা হেফাজতে থাকা সাবেক এই দুই আইজিপি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। এরপর তাদের হেফাজতে নেয় পুলিশ। শহিদুল হক ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
পুলিশ সুপার হিসেবে তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০১৪ সালের শেষদিন আইজিপির দায়িত্ব পান তিনি এবং ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান।
আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসাবে নিযুক্ত করা হয়। এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন।
সময় নিউজ