প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে ঝরনা খাতুন (২২) নামে এক গৃহবধু কীটনাশক পানে আত্মহত্যা করেছে। স্বামীর উপর অভিমানে গত রবিবার রাতে কীটনাশক পানের পর সোমবার সকালে ফ্রেন্ডশীপ হাসপাতালে তার মৃত্যু হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দুই বছর বয়সী কন্যা সন্তানের জননী ঝরনা উপজেলার জয়াখালী গ্রামের গোলাম বারীর স্ত্রী। আব্দুল জলিল ও আব্দুল করিম নামে আপন দু’ভাইয়ের সন্তান ঝরনা ও গোলাম বারী।
নিহতের পরিবারের সদস্যরা জানায় দুই পরিবারের সম্মতিতে প্রায় চার বছর পুর্বে চাচাত ভাই গোলাম বারীর সাথে তার বিয়ে হয়। পারিবারিক আর্থিক অবস্থাসহ নানাবিধ কারনে প্রায়ই দু’জনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হতো। এসবের ধারাবাহিকতায় রোববার রাতে ঝরনা ঘরে থাকা কীটনাশক পান করে। এসময় স্বামী ঘরে না থাকায় নিজের মাকে ডেকে কীটনাশক পানের কথা জানায় ঝরনা। একপর্যায়ে উপজেলা সদরের ফ্রেন্ডশীপ হাসপাতালে নেয়ার পর সোমবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পর প্রশাসনের ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দিয়েছে।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, গৃহবধু ঝরনা আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে।